মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামুল হক হীরা প্রথম স্থান অর্জন করেছেন। পুরুষদের হিফজ বিভাগে ৯৭ নম্বর পেয়ে তিনি সিরিয়ার প্রতিযোগী আবদুল রহমান জামাল ইব্রাহিমের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেন। শনিবার (১০ অক্টোবর) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ইহতিশামুল হক হীরা ঢাকার মারকাযুল ফয়জিল কোরআন আল-ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বিজয়ী হিসেবে তিনি ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত, একটি ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ ও মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণবার পেয়েছেন।
গত ৬ অক্টোবর কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির সংবাদ সংস্থা বারনামা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছে। নারীদের কোরআন তিলাওয়াত বিভাগে মালয়েশিয়ার নুর শাকুরা মোহাম্মদ মুসা ৯১ দশমিক ৮৩ নম্বর পেয়ে প্রথম হন। সিঙ্গাপুরের আতিকা বিনতে সুহাইমি ৯১ নম্বর পেয়ে দ্বিতীয় এবং ব্রুনেইয়ের দায়াংকু সিতি উম্মি শাইজানা বিনতে পেঙ্গিরান হাজি মারজুকি ৯০ দশমিক ৮৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
পুরুষদের তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফৌজি রিদওয়ান ৯৪ দশমিক ৬৭ নম্বর পেয়ে প্রথম হন। মালয়েশিয়ার সিক হাসনুল তাকিউদ্দিন সিক সাজালি ৯২ দশমিক ৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় এবং বেলজিয়ামের ব্রাহিম বুগালাব ৯২ দশমিক ১৭ নম্বর পেয়ে তৃতীয় হন। নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইউসুফ ৯৬ দশমিক ১৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। লিবিয়ার মিন্নাহ আলী আলসুদানি আগনাইয়াহ ৯৫ দশমিক ৫০ নম্বর পেয়ে দ্বিতীয় এবং মিয়ানমারের থেইন গি মন ৯৫ নম্বর পেয়ে তৃতীয় হন। এর আগেও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একাধিক হাফেজ সাফল্য অর্জন করেছেন। তাঁদের মধ্যে সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নূরের নাম উল্লেখযোগ্য। ইহতিশামুল হক হীরার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষার্থীদের সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করল।




