নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণের ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সম্মানিত একজন ব্যক্তিকে বিদেশের মাটিতে হেয় করা দেশের জন্য ইতিবাচক নয়।
বুধবার সকালে ফরিদপুরের চরভদ্রাসনে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সুনাম অর্জনে ভূমিকা রেখেছেন এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তার সঙ্গে এমন আচরণ দেশের সম্মান বাড়ানোর বদলে ভাবমূর্তির ক্ষতি করেছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পরও সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সরকারি কাজে বাধা সৃষ্টি এবং দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তুলে ধরে রিজভী বলেন, একটি ককটেল বিস্ফোরিত হয়েছে, অন্যটি হয়নি। ভারত থেকে এসব কর্মকাণ্ডে ইঙ্গিত ও মদদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জ্বালানি পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে প্রভাব পড়ছে। বাংলাদেশের তেল ও ডিজেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে আসে। এ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দিলেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। বিভিন্ন দেশ থেকে জ্বালানি আনার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান তিনি।
চরভদ্রাসন উপজেলার লকাই বিশ্বাসের পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাড়িটি নির্মাণ করা হয়। গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামে আলমগীর কবিরের বাগানবাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়ার পাশাপাশি চিকিৎসাসহায়তা দেওয়া হয় এবং কর্মসংস্থানের জন্য নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষক দলের নেতা খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




