বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি দুর্গাপূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার কথা তুলে ধরার পাশাপাশি ১১ দলীয় জোটের সমালোচনা করেন তিনি। প্রতিমন্ত্রীর অভিযোগ, ‘বেহেশতের লোভ দেখিয়ে’ ভোট নেওয়ার পর বিরোধী দল এখন দায়িত্বশীল আচরণ করছে না।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের আপনজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে নিজেদের রাজনৈতিক পছন্দের প্রকাশ ঘটিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনে সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, ভোটের মাধ্যমে মানুষ প্রমাণ করেছেন, তারা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারেন।
দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার পূজার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। প্রতিটি মন্দিরের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের শাড়ি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন।
বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে মীর শাহে আলম বলেন, দুর্বল অর্থনীতির মধ্যে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এ অবস্থায় বিরোধী দলের একদফা দাবিকে তিনি হাস্যকর বলে মন্তব্য করেন। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না। দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে জনগণের কাছে ভোট চাইতে চায় দলটি। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে সরকার গঠন করবে, অন্যথায় বিরোধী দলের আসনে বসবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন।




