কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানার পাঠানো বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সামদানী দলের নাম, পদবি ও প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতিও দিতে পারবেন না। এ সময়ে তাঁর কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় দল নেবে না। গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।
দলটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার নীতিতে বিশ্বাসী এবি পার্টি অন্য কোনো দলের অভ্যন্তরীণ বিরোধে জড়ানো বা পক্ষ নেওয়াকে সমর্থন করে না।
সাময়িক অব্যাহতির বিষয়ে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, কেন্দ্রীয় সভাপতি তাঁকে ফোন করেছিলেন। তিনি ১৫ দিনের মধ্যে জবাব দেবেন বলে জানিয়েছেন। জামায়াতের কার্যালয়ে তিনি শেষ মুহূর্তে গিয়েছিলেন এবং কারা গাড়ি ভাঙচুর করেছে, সে বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন।
এবি পার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, জামায়াতের অভ্যন্তরীণ বিরোধে কুমিল্লা মহানগর ও জেলা শাখার কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগতভাবে কেউ জড়িত থাকলে তার দায় দল নেবে না। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই সামদানীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।