৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরও প্রজ্ঞাপনে স্থান না পাওয়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের দপ্তরে আয়োজিত জরুরি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ শিক্ষা ক্যাডারে পিএসসি ৬৬৫ জনকে উত্তীর্ণ হিসেবে সুপারিশ করেছিল। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ৬৫৭ জন অবশিষ্ট থাকেন। প্রজ্ঞাপন কয়েক ধাপে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি দাবি করেন, প্রজ্ঞাপন থেকে বাদ পড়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয়নি। কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাই ও তদন্তের মাধ্যমে দেখা হচ্ছে বলেও জানান মন্ত্রী।বাদ পড়া ৪৬ জন প্রসঙ্গে তিনি বলেন, পিএসসির সুপারিশ থাকা সত্ত্বেও যারা এখনো গেজেট পাননি, তাদের গেজেট সোমবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

রাজধানীতে হকার উচ্ছেদ অভিযান প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে। সাধারণ মানুষের চলাচল ও নাগরিক সুবিধার বিষয় বিবেচনা করেই অভিযান পরিচালনা করা হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, উচ্ছেদ অভিযানের উদ্দেশ্য কাউকে বেকার করে দেওয়া নয়; বরং অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কোথাও অপরাধ হলে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।