চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজির প্যাকেজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়িভাড়া ও সার্ভিস চার্জসহ নির্ধারিত খাতে ব্যয় কম হওয়ায় সাশ্রয় হওয়া অর্থ থেকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা হাজিদের ফেরত দেওয়া হবে।রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ।ধর্মমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনার বিভিন্ন খাতে নির্ধারিত অর্থের তুলনায় প্রকৃত ব্যয় কম হওয়ায় প্যাকেজের কিছু অর্থ অব্যয়িত রয়েছে। সেই অর্থ সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যেক হাজির ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, কোন হাজি কত টাকা ফেরত পাবেন, তা নির্ভর করবে তাঁর নেওয়া হজ প্যাকেজ এবং আবাসনের ধরন ও আপগ্রেডেশনের ওপর।
**হজ প্যাকেজ-১**
হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা ফেরত পাবেন। একই হোটেলের শর্ট প্যাকেজের হাজিদের ফেরত দেওয়া হবে ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে।দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজ নেওয়া হাজিরা ফেরত পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

এ ছাড়া তিন সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে প্রত্যেক হাজিকে ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজ নেওয়া হাজিদের ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে ফেরত দেওয়া হবে।

**হজ প্যাকেজ-২**
এই প্যাকেজের আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা করে ফেরত পাবেন। শর্ট প্যাকেজের হাজিদের ফেরত দেওয়া হবে ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা।দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের প্রত্যেকে পাবেন ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজ নেওয়া হাজিরা ফেরত পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজ নেওয়া হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত পাবেন।

**৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূক**
এই আবাসনে থাকা সাধারণ প্যাকেজের হাজিদের প্রত্যেককে ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা করে ফেরত দেওয়া হবে। শর্ট প্যাকেজের হাজিরা ফেরত পাবেন ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা করে।এ ছাড়া দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে ফেরত দেওয়া হবে।


**৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূক**
এই আবাসনের সাধারণ প্যাকেজের হাজিদের প্রত্যেকে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা করে ফেরত পাবেন।দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরতযোগ্য অর্থের পরিমাণ ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা। আর তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ফেরত পাবেন ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে।

**হজ প্যাকেজ-৩**
সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজিকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত দেওয়া হবে।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী নির্ধারিত ফেরতযোগ্য অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। এ জন্য হাজিদের আলাদাভাবে অর্থ গ্রহণের জন্য কোথাও যেতে হবে না; নির্ধারিত প্রক্রিয়ায় ব্যাংক হিসাবেই টাকা পৌঁছে দেওয়া হবে।