শুল্কমুক্ত মদ অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে সংরক্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত দক্ষিণ গুলশানে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর সদস্যরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর ওয়্যারহাউস ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।নথিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউস ছিল দুটি। কিন্তু সরেজমিনে গিয়ে তদন্ত দল মোট চারটি গুদামে পণ্য মজুত থাকার তথ্য পায়। তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহের অনুমোদনপ্রাপ্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নুর ইসলাম ও তার পরিবারের বিদেশি আর্থিক লেনদেন নিয়েও তদন্ত চলছে বলে জানা গেছে। এনবিআরের সংশ্লিষ্ট গোয়েন্দা ইউনিটগুলো কানাডায় তাদের নাগরিকত্ব, ব্যবসা ও আর্থিক কার্যক্রমের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওয়্যারহাউসের অভিযানটি সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোর সরাসরি ফল নয়। নুর ইসলামের ব্যবসা ও করসংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই অনুসন্ধান চলছিল বলে তাদের দাবি।

এর আগে দক্ষিণ মানিকদীতে নিউ গিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে বক্তব্য দেন। ওই ঘটনার পর তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্যও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তলব করেছে।