ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন একটি সংসদীয় কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটিতে সদস্য পরিবর্তন করে পুনর্গঠন করা হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদে নতুন কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।

এর ফলে বর্তমান সংসদে গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল। পরদিন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা ৪৬-এ পৌঁছায়।