দাপ্তরিক প্রয়োজনে কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে নতুন করে তৎপর হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সংস্থাটির সব পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীদের জন্য অফিসিয়াল সিম চালু রাখা এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেনের সই করা আদেশে এ নির্দেশনা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ের কাজের সমন্বয়, নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য বিনিময়ে দাপ্তরিক মোবাইল সংযোগ ব্যবহৃত হয়। পাশাপাশি জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের অবস্থান ও উপস্থিতি পর্যবেক্ষণেও এ ব্যবস্থার ভূমিকা রয়েছে।
কর্তৃপক্ষের মতে, কোনো কর্মকর্তার অফিসিয়াল নম্বর বন্ধ থাকলে জরুরি যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এ পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে নিরবচ্ছিন্নভাবে সিম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব মোবাইল ফোনে সাধারণ সিম ব্যবহার সম্ভব নয়, সেসব ক্ষেত্রে স্মার্ট সিম কিংবা ই-সিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো কারণে সিম বন্ধ হয়ে গেলে তা পুনরায় চালু করা এবং ওটিপি যাচাইয়ের জন্য নির্ধারিত কর্মকর্তাদের সহযোগিতা নিতে বলা হয়েছে। এ বিষয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগের নির্দেশনা রয়েছে।
এলজিইডির সব স্তরের প্রকৌশলী ও কর্মকর্তাকে আদেশের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: বাসস



