রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে একটি বিশেষ কার্গো বিমান। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, রাশিয়া থেকে যাত্রা করা বিমানটি ভারতে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় আসবে।

এর আগে ২৪ সেপ্টেম্বর জ্বালানির চালানটি দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। পরে নতুন করে পরিবহনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি চালানে মোট নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের।

এদিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়াতেও অগ্রগতি হয়েছে। বুধবার ১৬ মেগাপাসকেল চাপের মধ্যে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।রোসাটম জানিয়েছে, ত্রুটি সংশোধনের পর মঙ্গলবার রাতে পরীক্ষাটি শুরু করা হয় এবং বুধবার সকালে তা শেষ হয়। প্রধান ও জরুরি—দুই নিয়ন্ত্রণকক্ষ থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়।

পরীক্ষার সময় ভাল্ভের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং অন্যান্য কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রোসাটম ও সহযোগী প্রতিষ্ঠানগুলো পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। প্রকল্পটির দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।