জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। বিশেষ করে খাবার খাওয়ার সময় কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ রাখতে হয়, সে বিষয়ে আগে তাঁর তেমন ধারণা ছিল না বলে জানান তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। সফরসঙ্গী হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি। ফেরার পথে উড়োজাহাজে কিছুটা ত্রুটি দেখা দিলেও তা সমাধানের পর নিরাপদে দেশে ফিরেছেন বলে জানান তিনি। জাপানের আবহাওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, সেখানে বেশ শীত অনুভূত হয়েছে। দেশে ফিরে তাঁর কাছে আবহাওয়া তুলনামূলক গরম মনে হচ্ছে। সফরের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, খাবার খাওয়ার সময় ছুরি ও কাঁটা চামচ ব্যবহারের নিয়ম আগে তাঁর জানা ছিল না।
সাধারণ ধারণা থেকে কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হয় বলে সেটি ডান হাতে নিয়েছিলেন। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিভিন্ন পোস্টের প্রসঙ্গেও কথা বলেন তিনি। যারা বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে সফরের আরও অভিজ্ঞতা পরবর্তী সময়ে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা জানান।




