দেশের আট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোতায়েনের এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে দুই, ফরিদপুরে পাঁচ এবং কক্সবাজারে ছয় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড ঠেকাতেও সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে বিশেষ মনিটরিং ব্যবস্থা। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় মাঠপর্যায়ের সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি প্রস্তুত রয়েছে।




