বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় রবিবার সকালে বিশ্বের দূষিত নগরীর তালিকায় ওপরের দিকে ছিল ঢাকা। সকাল ৮টায় রাজধানীর বায়ুমান সূচক ১৬২ রেকর্ড করা হয়। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার।
প্রতিষ্ঠানটির প্রকাশিত সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ৩৭০। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা তাশখন্দ ও করাচির স্কোর যথাক্রমে ২০৩ ও ১৮৯। ১৬২ স্কোর নিয়ে ঢাকা ছিল চতুর্থ এবং ১৬০ স্কোর নিয়ে চীনের উহান পঞ্চম স্থানে।
আন্তর্জাতিক সূচকে বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, বায়ুর মান অস্বাস্থ্যকর থাকলে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত। পাশাপাশি অন্যদেরও খোলা জায়গায় দীর্ঘ সময় অবস্থান ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম সীমিত রাখা দরকার।