কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে ব্যাপক সম্ভাবনার পাশাপাশি নতুন নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বৃহস্পতিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (MIET)-২০২৬’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, প্রচলিত শিল্পের ওপর নির্ভর না করে বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। সেমিকন্ডাক্টরসহ উচ্চপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে প্রযুক্তির মাধ্যমে কার্যকর সমাধান বের করতে হবে।
তিনি জানান, জাতীয় ইনোভেশন ফেয়ার-২০২৬-এ এক হাজারের বেশি উদ্ভাবন উপস্থাপিত হয়েছে। এসব উদ্ভাবনকে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে বাস্তবমুখী পণ্যে রূপান্তর ও বাজারজাতকরণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, এআই, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা ও রোবোটিকস মানুষের জীবন ও সমাজব্যবস্থায় পরিবর্তন আনছে। গবেষণাকে গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে বাস্তব সমস্যা সমাধান ও মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে।
সম্মেলনে প্রায় ৫০টি প্রতিষ্ঠানের গবেষক অংশ নিচ্ছেন। জমা পড়া ৩৩৫টি গবেষণাপত্রের মধ্যে ৫৪টি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ইতালি, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের দুই শতাধিক গবেষক এতে অংশ নিচ্ছেন।