নারীদের জন্য নিরাপদ গণপরিবহন ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উদ্যোগের আওতায় বিভিন্ন রুটে শীতাতপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক পিংক বাস চালুর প্রস্তুতি চলছে। এসব বাস চালানোর উপযোগী নারী চালক তৈরি করতে বিনা খরচে ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানিয়েছেন, নির্বাচিত নারীদের এক থেকে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা ইভি পিংক বাস পরিচালনার সুযোগ পেতে পারেন।
তিনি জানান, নারীদের জন্য চালু করা পিংক বাস সেবা ইতোমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য বাণিজ্যিক মুনাফা নয়; বরং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের যাতায়াত আরও নিরাপদ করা। নতুন ইলেকট্রিক বাস চালু হলে এ সেবার পরিধি বাড়বে।
ফাতেমা বেগমের মতে, নারী চালকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্রও তৈরি হবে। পরিবারের পক্ষ থেকেও এখন নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করার প্রবণতা বাড়ছে। এর ফলে দেশে ও বিদেশে কাজের সুযোগ তৈরি হতে পারে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কমানোর সরকারি লক্ষ্যের অংশ হিসেবেও চালক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় বিআরটিসি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন চালকদের দক্ষতা বাড়ানোর কাজ করছে।
এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম রয়েছে। এই দুই উদ্যোগের আওতায় প্রায় ৬৮ হাজার মানুষকে বিনা মূল্যে হালকা মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক নারী এ প্রশিক্ষণ নিয়েছেন এবং তাদের কেউ কেউ দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউজ্জামান জানান, হালকা মোটরযানের বৈধ লাইসেন্সধারী নারীদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ শেষ করে সড়কে গাড়ি চালানোর সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তবে এ ক্ষেত্রে করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুসরণ করা হবে। নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পেতে পারেন।
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী নারীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট এবং অন্তত এক বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিল করার সুযোগ রয়েছে।
আগ্রহীদের আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে প্রাথমিক গাড়ি চালানোর পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে রাখতে হবে। প্রাথমিক বাছাইয়ের ফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে ১৭ নভেম্বর থেকে। পরীক্ষায় অংশ নেওয়া নারীদের জন্য বিআরটিসির মহিলা হোস্টেলে বিনা মূল্যে আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।




