দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কাজে লাগানো হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। একই অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে আখ্যা দেন তিনি।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলো তাকে এ সংবর্ধনা দেয়।
হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগ লুটপাট করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তার দাবি, হাজার হাজার কোটি টাকা নিয়ে দলটির লোকজন দেশ ছেড়ে পালিয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমলে হত্যাকাণ্ডের ঘটনায় দলটির অনেক নেতার সাজা হয়েছে উল্লেখ করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কথাও বলেন।
বক্তব্যে সরকারের সমালোচনা করার অধিকার প্রসঙ্গে স্পিকার বলেন, এখন মানুষ সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারবেন। একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।
ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী মাদক ব্যবসায়ীদের দমনে ইশরাক গিয়েছিলেন বলে দাবি করা হলেও তার অস্ত্র হাতে নেওয়া উচিত হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। স্পিকারের বক্তব্য, অতীতে দলীয় সংসদ সদস্য বা মন্ত্রীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার নজির ছিল না; প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় অবস্থানের কারণে তা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।




