স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া অপ্রয়োজনীয় ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত প্রকল্পগুলো পর্যালোচনা করে বাদ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি গ্রামীণ সড়কসহ বিভিন্ন উন্নয়নকাজের স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি জামানত নেওয়ার প্রস্তাব দিয়েছে কমিটি।
রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্প, ডেঙ্গু পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে কিছু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ চলার তথ্যও তুলে ধরা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, জনস্বার্থে প্রয়োজনীয় ও বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর তিন বছর সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাকে মেরামতের দায়িত্ব দেওয়ার নির্দেশনা কার্যকর হলে কাজের মানের ক্ষেত্রে অনিয়মের সুযোগ কমবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণায় কিছুটা সময় দেওয়ার কথা বলা হয়েছে। তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। আগামী বছরের প্রথম দিকে নির্বাচন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের সুপারিশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিজ নিজ এলাকায় এসব কার্যক্রম তদারকির কথাও বলা হয়। এ ছাড়া আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে কমিটি। সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।




