বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে এবার বড় ধরনের আর্থিক সুবিধা পাচ্ছেন ১১২ বাংলাদেশি। কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাওয়ায় প্রত্যেকের প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে।
সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একটি ফ্লাইটে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিমানবন্দরে উপস্থিত থেকে কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন এই কর্মসূচি চালু হয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরি করবেন। তাদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, তবে তা নবায়নের সুযোগ রয়েছে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধাও প্রদান করবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মীদের বিদায় জানানোর কথা রয়েছে।
বোয়েসেল জানিয়েছে, পুরো নিয়োগপ্রক্রিয়ায় ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ কর্মীদের বিদেশ যেতে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট তৈরি, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ বহন করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। অন্যদিকে ভিসা ও বিমান টিকিটের ব্যয় দিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এই ব্যবস্থায় প্রত্যেক কর্মীর প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। সব মিলিয়ে ১১২ জন কর্মীর সাশ্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ রাখা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হয়।
এদিকে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশি কর্মী নেওয়ার চাহিদা পেয়েছে বোয়েসেল। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
এই কর্মসূচির সুযোগ নিতে কাউকে অর্থ না দেওয়ার জন্য সতর্ক করেছে বোয়েসেল। সংস্থাটির নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে গণ্য করার আহ্বান জানানো হয়েছে। নিয়োগসংক্রান্ত সব বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের নিজস্ব ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।