নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া সড়ক ও ফুটপাত দখল করে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, সিটি করপোরেশন নির্ধারিত স্থান ছাড়া রাজধানীর কোথাও হকার বসতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তির বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শহরের সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও হকার বসতে পারবেন না। উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখল করলে তার মালামাল জব্দের পাশাপাশি সরাসরি মামলা করা হবে।
হকারদের নোটিশ দেওয়া ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, হকার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নতুন করে নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই। পুনর্বাসনের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে কর দেন, তাদের সুবিধা ও মতামতও বিবেচনায় রাখতে হবে।
পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তিতে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন। ওয়াসাসহ অন্যান্য সেবাদানকারী সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থায়ী সমাধানের বিষয়ে প্রশাসক বলেন, সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পরপর নিয়মিত বৈঠক হচ্ছে। দীর্ঘদিনের এসব জটিলতা নিরসনে ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া সড়ক ও ফুটপাত দখল করে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালা
প্রিয় বাংলাদেশজাতীয়


