দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮১ শিশুর শরীরে। পাশাপাশি আরও ১ হাজার ২৬৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী, সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১৯৭ জনের। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।




