কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তবে অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়। শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটি বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে। এতে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। এ ঘটনায় যাত্রী বা ক্রুদের কোনো সমস্যার কথা জানায়নি কর্তৃপক্ষ।
ফ্লাইটের বিলম্বে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।