দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, শান্তি প্রতিষ্ঠা এবং জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অর্জন করেছে সুনাম। আজ ২১ নভেম্বর পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর বাঙালি সদস্যদের সাহসী ভূমিকা এবং সম্মিলিত প্রতিরোধের ঐতিহাসিক স্মৃতি বহন করে দিনটি। ওই বছরের ২১ নভেম্বর তিন বাহিনীর সদস্যরা মুক্তিবাহিনী ও দেশপ্রেমিক জনগণের সঙ্গে সমন্বিতভাবে স্থল, নৌ ও আকাশপথে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেন। মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করতে এই সমন্বিত আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর দিনটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।
সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
দিবসের অন্যতম আয়োজন হিসেবে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
রাজধানীর বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুরের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতেও দিবসটি উপলক্ষে আয়োজন থাকছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সাজানো জাহাজ বেলা ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত নির্ধারিত ঘাটে রাখা হবে। এ সময় সাধারণ মানুষ জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।
রাষ্ট্রপতির বাণী
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ এবং জাতীয় সংকটে বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাঁদের নিষ্ঠা ও পেশাদারিত্ব বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর বাণী
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সম্মিলিত অভিযানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসিকতা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান বাহিনীকে আধুনিক, সুশৃঙ্খল ও পেশাদার হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার শাসনামলেও আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল। বর্তমান সরকারও প্রযুক্তিনির্ভর ও দক্ষ বাহিনী গড়ে তুলতে কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদান প্রশংসনীয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। বাণীতে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।