বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেছিলেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন এক তরুণী ও জুনিয়র বন্ধু দীপ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও ওই তরুণী উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রবেশ করেন। 
তাঁরা একটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে যান দীপ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল রেখে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তাহসিফ ও তাঁর সঙ্গে থাকা তরুণী লিফটের সামনে অপেক্ষা করেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তাঁরা একসঙ্গে বারে যান। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর তিনজনকে মোটরসাইকেলে করে সেখান থেকে বের হতে দেখা যায়। 
পরে তাহসিফ ওই তরুণীকে তাঁর বাসায় পৌঁছে দেন। এরপর তিনি ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকার উদ্দেশে রওনা হন বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তাহসিফের মৃত্যুর ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্তকারীরা ওই রাতের চলাচল, বিভিন্ন স্থানে অবস্থান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।