দেশে ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নতুন ১৭টি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এতে ঢাকার বাইরে ক্যান্সার রোগীদের কম খরচে চিকিৎসার সুযোগ বাড়বে এবং রাজধানীমুখী চাপ কমবে। তিনি জানান, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশে রোবটিক সার্জারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদার ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে চলতি বছর পাঁচটি আনার পরিকল্পনা রয়েছে।
পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন চলবে। এ সময় মাঠপর্যায়ে প্রচারের পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন ও পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয় বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।