কৃষকের চাহিদা অনুযায়ী সময়মতো সার পৌঁছে দিতে সংরক্ষণ ও বিতরণব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর গাবতলীতে ছয় হাজার মেট্রিক টন ধারণক্ষমতার নতুন সার গুদাম চালু করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গাবতলী ক্যাম্পাসে নবনির্মিত প্রি-ফেব্রিকেটেড স্টিল (পিএফজি) গুদামটির উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ফসল উৎপাদনে সারের গুরুত্ব বিবেচনায় কৃষকের কাছে নির্ধারিত সময়ে এ উপকরণ পৌঁছে দেওয়া জরুরি। বর্তমানে দেশে ইউরিয়া ও নন-ইউরিয়া মিলিয়ে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সারের বাজারে কৃত্রিম সংকট তৈরি কিংবা নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির সুযোগ দেওয়া হবে না। ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিএডিসির প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে মোট এক লাখ মেট্রিক টন ধারণক্ষমতার ৪২টি প্রি-ফেব্রিকেটেড স্টিল গুদাম নির্মাণ করা হয়েছে। এতে সংস্থাটির সার সংরক্ষণ সক্ষমতা আরও এক লাখ মেট্রিক টন বেড়েছে। নতুন গুদাম থেকে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ আশপাশের জেলার কৃষকেরা সুবিধা পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। সভাপতিত্ব করেন বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।




