পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের আলোচনা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় চীনা প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা ও বিনিয়োগের আগ্রহের কথা জানান।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। চীন ছাড়াও বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটি এ খাতে কাজ করছে। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।
বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দরের কার্যক্রম ও অবকাঠামো ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এ অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে সরকার আগ্রহী।
তিনি আরও বলেন, পায়রা বন্দর একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। ফলে উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের সময় জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেন তিনি।
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




