চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে ফায়ারিং চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের পর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুই সেনাসদস্য ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন এবং পরে তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে।দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।