জাতীয় যুব দিবস উপলক্ষ্যে দেশের তরুণদের দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের নানা সংকট মোকাবিলা ও উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুবশক্তিকে সংগঠিত করে দেশ গঠনে যুক্ত করার উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নেওয়া হয়। ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় গঠন এবং ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে এ কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পায়।
তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা যুব ঋণ সহায়তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে কারিগরি এবং বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে জেলায় জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বর্তমানে পরিবর্তিত বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্রিল্যান্সিং, স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী প্যাকেজিং ও বিদেশি ভাষা শিক্ষার মতো বিষয়ে প্রশিক্ষণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
বাণীতে আরও বলা হয়, তরুণদের উদ্ভাবনী উদ্যোগ এগিয়ে নিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ যেন থেমে না যায়, সে লক্ষ্যেই এ বরাদ্দ রাখা হয়েছে।
জাতীয় যুব পুরস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী যুব ও যুব সংগঠককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। এবার যারা এ পুরস্কার পাচ্ছেন, তাদের অভিনন্দন জানান তিনি। জাতীয় যুব দিবসের সব কর্মসূচির সাফল্য কামনার পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতিতে তরুণদের আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।




