রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দুটি হাতবোমা নিক্ষেপ করেন। এর একটি বিস্ফোরিত হয়, অন্যটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানের ভাষ্য, খবর পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত হাতবোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে কয়েক মিনিট অবস্থানের পর বোমা নিক্ষেপ করে চলে যান। তাঁদের আগারগাঁও হয়ে মিরপুর সড়কের দিকে যেতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। তবে ঘটনার উদ্দেশ্য বা জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।