সম্ভাব্য সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নজরদারি। মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশ, বিজিবি, আনসার ও স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। পাশাপাশি রাজধানীতে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরী ও আশপাশের জেলাসহ আট জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা জেলায় ১৮, ঢাকা মহানগরীতে পাঁচ, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে দুই, ফরিদপুরে পাঁচ এবং কক্সবাজারে ছয় প্লাটুন রয়েছে। অতিরিক্ত চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে আগে থেকেই বিজিবি মোতায়েন ছিল। শনিবার থেকে নতুন করে আরও এক ব্যাটালিয়নের ২৬ প্লাটুন সদস্য মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে। সব মিলিয়ে জেলাটিতে বিজিবির উপস্থিতি বাড়িয়ে ৫৫ প্লাটুনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া জেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে নিরাপত্তা দিচ্ছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, দেশের সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে পাঁচ এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি রয়েছে।
এদিকে গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় গত শুক্রবার ছয় জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক। এতে ফরিদপুর, মাদারীপুর, নড়াইল, বাগেরহাট ও পিরোজপুরের পুলিশ সুপাররা অংশ নেন। বৈঠকে সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ এবং টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
রাজধানীতে বিশেষ অভিযান
ঢাকার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, সরকারি-বেসরকারি স্থাপনা ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি বাড়িয়েছে ডিএমপি। চেকপোস্ট, পিকেট ডিউটি, পায়ে হেঁটে টহল এবং মোবাইল পেট্রোলের পাশাপাশি আবাসিক হোটেলগুলোতেও নজরদারি চলছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩২টি মামলা হয়েছে।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুরে ৭৩, তেজগাঁওয়ে ৪৮, উত্তরা ৪৭, ওয়ারীতে ৩৭, মতিঝিলে ২৬, রমনায় ২৩, গুলশানে ১৮ এবং লালবাগে ১৯ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) চারজন করে গ্রেপ্তার করেছে।
অভিযানে চারটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের চারটি অংশ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।