পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। প্রাথমিকভাবে ২ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো নির্মাণ করে পর্যায়ক্রমে তা ৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় রাশিয়ার পক্ষ থেকে সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন রাষ্ট্রদূত।
জবাবে খাদ্যমন্ত্রী জানান, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম আমদানির প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে। মহেশখালীতে বড় আকারের সাইলো নির্মাণের জন্য উপযুক্ত জমি পাওয়া কঠিন হতে পারে উল্লেখ করে তিনি বিকল্প হিসেবে পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গা ব্যবহারের প্রস্তাব দেন।
খাদ্যমন্ত্রী বলেন, পায়রা বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ সুবিধা থাকায় সেখানে বৃহৎ ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের সম্ভাবনা রয়েছে। এ সাইলো চালু হলে রাশিয়া থেকে আমদানি করা গম সংরক্ষণ এবং পরবর্তী সময়ে দেশের বেসরকারি আমদানিকারক ও সরকারের প্রয়োজনে তা সরবরাহ করা সম্ভব হবে। এতে দেশের গমের সরবরাহ ও সংরক্ষণব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
তিনি আরও জানান, পায়রা বন্দরে সাইলো নির্মাণ করা হলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ গম পরিবহন ও সরবরাহকেন্দ্রগুলোতে গম পৌঁছানো সহজ ও কার্যকর হবে।
প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে পায়রা সমুদ্রবন্দর সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান খাদ্যমন্ত্রী। পরিদর্শনের মাধ্যমে সাইলো নির্মাণের উপযুক্ত স্থান, অবকাঠামোগত সুবিধা ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আনাস্তাসিয়া নেমোভা, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




