তরুণ উদ্যোক্তাদের জন্য গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার সময় তিনি এসব তথ্য জানান।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ ব্যাংকের আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোনের দাম নিয়ে আসতে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে ফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান তৈরির কথাও উল্লেখ করেন তিনি।
সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামোর উদ্যোগের কথা জানিয়ে মাহদী আমিন বলেন, নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ শিক্ষার্থীকে শতভাগ সরকারি বৃত্তি দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ এবং কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সুষম খাবার দেওয়ার রূপরেখা তৈরির কথাও বলা হয়।দেশের সেরা ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৭৪ জনের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়ার বিষয়টিও তুলে ধরেন মাহদী আমিন।তিনি আরও জানান, গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে এবং এ সময়ে রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলারে পৌঁছেছে।এ ছাড়া ১০ হাজার বাংলাদেশিকে বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানো, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং নেপালে ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
বছরে ৫ হাজার তরুণ পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ: মাহদী আমিন
তরুণ উদ্যোক্তাদের জন্য গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
প্রিয় বাংলাদেশজাতীয়


