আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিপাহি-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। এ ঘটনার মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। বাংলাদেশের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। দিনটির গুরুত্ব তুলে ধরে বিএনপি সাত দিনের কর্মসূচি পালন করছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও নানা আয়োজন করেছে।
রাজধানীতে বিএনপির শোভাযাত্রা
দিবসটি উপলক্ষে আজ ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এতে পায়ে হেঁটে অংশ নিয়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
এরপর নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
রিজভী জানান, ঢাকার বাইরে অধিকাংশ জেলা ও মহানগরেও দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির অঙ্গসংগঠনগুলো।
জামায়াতের আহ্বান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, ৭ নভেম্বর সিপাহি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা তাতে নতুন অধ্যায়ের সূচনা করে।
তার মতে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বৈরাচারী প্রবণতা ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক দল, সরকার, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন।
ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন যানবাহন চালকেরা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহন এ সুবিধা পাবে। দিবসটি উপলক্ষে বিশেষ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।