গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাম পুলিশ সদস্য মাসে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া প্রত্যেক সদস্যকে মাসিক ১৫০ টাকা মোবাইল বিল দেওয়া হবে। শনিবার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী জানান, আগে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ছিল ৭ হাজার ৫০০ টাকা। তা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ সদস্যদের আনুতোষিক ভাতা ৫০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে তা ৮০ হাজার থেকে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
দায়িত্ব পালনের প্রয়োজনে থানায় যাতায়াতের খরচও বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ সদস্যরা প্রতি সপ্তাহে ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানরা ৬০০ টাকা ভাতা পাবেন। আগে উভয় পদের জন্য এ ভাতার পরিমাণ ছিল ৩০০ টাকা।
পেশাগত পরিচয়েও পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতদিন মহল্লাদার ও দফাদার নামে পরিচিত কর্মীদের এখন থেকে যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে অভিহিত করা হবে।
নারীদের কর্মসংস্থান বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। তাদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে সরকারের। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে। পরবর্তী সময়ে গাছ বিক্রির অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াতের সুবিধা বাড়াতে সাইকেল বিতরণের সময়সীমাও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পাঁচ বছর পরপর সাইকেল দেওয়া হলেও নতুন পরিকল্পনায় তিন থেকে সাড়ে তিন বছর পরপর সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।




