সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীকে আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এ ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে না। এমনকি আহত ব্যক্তি মারা গেলেও হাসপাতালে নেওয়ার কারণে উদ্ধারকারীকে দায়ী করা যাবে না।

সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষা এবং উদ্ধারকাজে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সড়ক নিরাপত্তা আইন-২০২৬ (খসড়া)-এ এমন প্রস্তাব করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টা আহত ব্যক্তির জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানে এ সময় ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে পরিচিত। এ সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হলে প্রাণহানি ও গুরুতর শারীরিক ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো যায়। 

কিন্তু পুলিশি ঝামেলা, মামলা কিংবা আদালতে হাজিরার আশঙ্কায় অনেক সময় আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে আগ্রহী হন না সাধারণ মানুষ। ফলে সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। 

এ পরিস্থিতি পরিবর্তনে উদ্ধারকারীর আইনি সুরক্ষা, হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা এবং দ্রুত উদ্ধারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত আইনে।