সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইন, আদালত কিংবা চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না; মানুষের মনোজগতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তাহলেই এসব সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই কক্ষে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সামাজিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবিক মূল্যবোধের বিকাশ এবং মানসিক স্বাস্থ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে অপরাধের স্থায়ী প্রতিকার সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। এ উদ্যোগ সফল করতে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জোরদার করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা তাহমিনা আক্তার। এ ছাড়া চিকিৎসক, গবেষক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।




