বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা শুধু আইনি কাঠামোর ওপর নির্ভর করে না, বরং বিচারকদের ব্যক্তিগত সততা, নৈতিক দৃঢ়তা ও ন্যায়বোধের ওপরই এর সফলতা নির্ভরশীল। বিচারকদের অবশ্যই সব ধরনের প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচারকের সবচেয়ে বড় জবাবদিহি তার নিজের বিবেকের কাছে। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা একজন বিচারকের জন্য অপরিহার্য। বিচারিক দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত সুবিধাকে প্রাধান্য দেওয়া যাবে না।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে শুধু আইনের ধারা ও পূর্ববর্তী নজির অনুসরণ করাই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মামলার বাস্তব পরিস্থিতি, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর লক্ষ্য বিবেচনায় নিতে হবে। বিচারকদের প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নিম্ন আদালতের যুক্তিনির্ভর সিদ্ধান্ত অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশনার ভিত্তি তৈরি করে বলেও তিনি উল্লেখ করেন।
বিচারকদের পেশাগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্ব করেন। তাই অন্য পেশার সুযোগ-সুবিধার সঙ্গে তুলনা না করে নিজেদের দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করা প্রয়োজন।
আদালতের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিচারিক রায়ের কারণে কোনো বিচারককে বাধার মুখে পড়তে দেওয়া যাবে না। আদালতের স্বাভাবিক কার্যক্রম ও বিচারকদের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আইন মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরে আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের সংকটময় সময়ে মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। তবে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ উঠলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনার সুযোগ নেই।
নতুন প্রজন্মের বিচারকদের ওপর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী দুই দশকে তাঁদের হাত ধরেই দেশের বিচারব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং তা অটুট রাখার দায়িত্ব বিচারকদেরই নিতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে নির্ভীক ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয় ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।