স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে দুই দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করা, ওষুধের বাণিজ্য এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়ও উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ থেকে পাকিস্তানে মানসম্মত ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি পাকিস্তানের বিনিয়োগকারীদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ পর্যালোচনার আহ্বান জানান তিনি।অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসায় সহযোগিতার প্রস্তাব দেন। বিশেষ করে বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহের কথা জানায় পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস।

প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা সহযোগিতার প্রস্তাবও দিয়েছে।