অক্টোবরে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত মাসিক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে।

অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ফলে বর্ষার প্রভাবও পর্যায়ক্রমে কমে আসতে পারে।আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। পাশাপাশি তিন থেকে চার দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে অক্টোবরের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে পুরো মাসে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে কোথাও ভারি বৃষ্টিপাত হলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি দ্রুত বেড়ে যেতে পারে।এ ধরনের পানি বৃদ্ধি সাময়িক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।