সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশ ছেড়ে যাওয়া অপরাধী, সন্ত্রাসী ও অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। বিশেষ করে চোর, সন্ত্রাসী ও অর্থ পাচারকারীদের দেশে ফেরানোর বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে।
এদিকে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানান হুমায়ুন কবির। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবের রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং দুই দেশের মধ্যে যোগাযোগের ঘাটতি দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।