গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়নে অনিয়ম এবং তদবির বন্ধে চালু করা স্বচ্ছ লটারি পদ্ধতিকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম এবং তদবিরের অভিযোগ ছিল। এসব বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত পরিবেশে এ লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
তিনি বলেন, সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু বিষয়ে মানবিক বিবেচনাও রাখতে হয়। তবে তদবির ও বদলি বাণিজ্য বন্ধে নেওয়া স্বচ্ছ উদ্যোগকে বিতর্কিত করার প্রবণতা কাম্য নয়।
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনি অঙ্গীকার।
তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নেতা মো. জামাল হোসেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমানসহ সাংবাদিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।