জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ ও তাঁর জীবন-সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর নতুন সাজে আবার চালু হতে যাচ্ছে ‘নজরুল কর্নার’। জাদুঘরের সংরক্ষণাগারে পড়ে থাকা কবির ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও প্রদর্শনীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে নজরুলের কিছু স্মৃতিচিহ্ন এখনো রয়েছে। ৩৭ নম্বর গ্যালারিতে কবির ছবি ও ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার পাশাপাশি ২৯ নম্বর গ্যালারিতে রয়েছে বিশাল তানপুরা হাতে গায়ক নজরুলের স্মারক। এ ছাড়া বিশ্রামাগারের একটি তাকেও সংরক্ষিত আছে তাঁর কয়েকটি বই। তবে কবির নামে স্বতন্ত্র যে কর্নারটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটি দীর্ঘদিন ধরেই দর্শনার্থীদের জন্য বন্ধ।
জাদুঘর সূত্রে জানা যায়, সাবেক মহাপরিচালক ও গবেষক শামসুজ্জামান খান ২০০১ সালে ‘নজরুল কর্নার’ চালু করেন। পরবর্তী সময়ে গ্যালারিগুলোর বিন্যাস ও ইতিহাস উপস্থাপনার পরিকল্পনা পরিবর্তনের কারণে ২০১১ সালে কর্নারটি সরিয়ে ফেলা হয়। নজরুল ও রোকেয়া কর্নারের বেশির ভাগ স্মারকসামগ্রী স্থানান্তর করা হয় জাদুঘরের স্টোররুমে।
জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের পরিচালক মনিরুল হক জানান, ১৭৫৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাসের ধারাবাহিক উপস্থাপনার লক্ষ্যে তৎকালীন ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সিদ্ধান্তের পর নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে নেওয়া হয়। জায়গার সংকটের কারণেও সেগুলো পুনরায় স্থাপন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে তৎকালীন কমিটির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেনের বক্তব্য, ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরতে দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী সাজানোর দায়িত্ব পেয়েছিলেন তাঁরা। অন্যদিকে কমিটির কয়েকজন সদস্য দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় সিদ্ধান্ত গ্রহণের বিস্তারিত বিষয় স্মরণ করতে পারেননি। নজরুলসংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা মনে করেন, জাতীয় কবির মর্যাদা ও অবদানের যথাযথ প্রতিফলন জাদুঘরে থাকা প্রয়োজন। কবির নাতনি খিলখিল কাজীও কর্নারটি বন্ধ হয়ে যাওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ মনে করেন, জাতীয় জাদুঘরে নজরুলের জন্য স্থায়ী ও মর্যাদাপূর্ণ প্রদর্শনব্যবস্থা থাকা জরুরি। তাঁর মতে, কর্নারটি কেন সরিয়ে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোও খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে নতুন করে আশার আলো দেখাচ্ছে জাদুঘর কর্তৃপক্ষের সাম্প্রতিক উদ্যোগ। জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জানিয়েছেন, নজরুল বর্ষ উপলক্ষে কবির স্মারকসামগ্রী নিয়ে ‘গাহি সাম্যের গান’ শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর অথবা আগামী জানুয়ারিতে ‘নজরুল কর্নার’ পুনরায় চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ বিরতির পর এই উদ্যোগ বাস্তবায়িত হলে দর্শনার্থীরা এক জায়গায় কবির ব্যবহৃত সামগ্রী, দুর্লভ বই, আলোকচিত্র ও অন্যান্য স্মারক দেখার সুযোগ পাবেন। তবে শুধু কর্নার চালু করাই নয়, এসব ঐতিহাসিক নিদর্শনের যথাযথ সংরক্ষণ, গবেষণা এবং নিয়মিত প্রদর্শন নিশ্চিত করাও জরুরি। জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্মের বিস্তৃত পরিচয় তুলে ধরতে জাতীয় জাদুঘরে একটি সমৃদ্ধ স্থায়ী নজরুল কর্নার গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংস্কৃতিপ্রেমীদের।