রাজধানীর হাতিরপুলে আবু হাসান নামে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে তার পরিবার।
নিহত হাসানের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। তার বাবা ইসলাম উদ্দিন। তিন ভাইবোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। পরিবারের সঙ্গে গত এক মাস ধরে কলাবাগান থানার হাতিরপুল এলাকার একটি বাসায় বসবাস করছিল শিশুটি।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসানের পড়াশোনা ও মাদরাসায় থাকা নিয়ে আগে থেকেই নানা জটিলতা ছিল। তার মামি স্বপ্না বেগমের ভাষ্য, ছোটবেলা থেকেই শিশুটির আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যেত। ঢাকার একটি মাদরাসায় ভর্তি করার পর সেখানে প্রায় দুই মাস কাটায় সে। পরে গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা হলেও সেখানে থাকতে অনীহা প্রকাশ করে এবং কান্নাকাটি করত। এ কারণে প্রায় এক মাস আগে তাকে আবার ঢাকায় নিয়ে আসেন বাবা।
স্বপ্না বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর বাসার একটি কক্ষে হাসানকে নিথর অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক আর বাঁচাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসকের মাধ্যমে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।




