পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক দিন পিছিয়ে যাওয়ার পর আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি।রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে জ্বালানিটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার দুপুরের মধ্যেই চালানটি দেশে পৌঁছাতে পারে।

প্রকল্পসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার (৩ অক্টোবর) বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।বৃহস্পতিবারই জ্বালানি পরিবহনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় পরিবহন এক দিন পিছিয়ে যায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পারমাণবিক জ্বালানি পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা ব্যবহারের আগাম অনুমতি প্রয়োজন। বাংলাদেশ ও রাশিয়ার প্রস্তুতি সম্পন্ন থাকলেও পাকিস্তানের অনুমতি না পাওয়ায় আগের ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গো চালানে মোট নয়টি চালানে জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে।রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।