ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য সারা দেশের ‘এ ক্যাটাগরি’র ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা ও সংশ্লিষ্ট স্টেশনের প্রয়োজন বিবেচনায় তাদের ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। ঢাকার পোস্টিংকে অনেক সময় ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। এ নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে প্রথম ধাপে ঢাকার পদায়নে লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বাইরে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। ‘এ ক্যাটাগরি’র ১৩১ জনের মধ্য থেকেই লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।
ঢাকায় নির্বাচিতদের কতদিন রাখা হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সার্ভিস রুল অনুযায়ী যতদিন অনুমোদন করবে এবং তারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন, ততদিন দায়িত্বে থাকবেন। তবে দুর্নীতিতে জড়ালে তাদের রাখা হবে না।
সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, মন্ত্রণালয় বিষয়টি মনিটরিং করছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি লটারির উদ্দেশ্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং বৈষম্যহীন ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা বলে উল্লেখ করেন।




