নিজেকে অতিরিক্ত গণমাধ্যম বিচারের শিকার দাবি করে তা বন্ধের আবেদন জানিয়েছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এ অভিযোগ তোলেন।আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান আসামির কাঠগড়ায় রয়েছেন। এদিন তার বিরুদ্ধে মামলায় ১১ নম্বর সাক্ষী হিসেবে এক কনস্টেবল জবানবন্দি দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে জিয়াউলের আইনজীবী নাজনীন নাহার গণমাধ্যমে মামলার সাক্ষ্য প্রকাশের বিষয়টি তুলে ধরেন। তার অভিযোগ, প্রসিকিউশনের সাক্ষীদের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হলেও আসামিপক্ষের জেরার বিষয়গুলো একইভাবে সামনে আসে না।
পরে জিয়াউল আহসান নিজে কথা বলার অনুমতি নিয়ে ট্রাইব্যুনালের কাছে দাবি করেন, তার ক্ষেত্রেও অতিরিক্ত মিডিয়া ট্রায়াল চলছে। তিনি নুসরাত হত্যা মামলার প্রসঙ্গ টেনে বলেন, গণমাধ্যমের অতিরিক্ত প্রচারের কারণে ওই মামলায় আদালতকে প্রভাবিত হয়ে বিচার করতে হয়েছিল—এমন বক্তব্য তিনি শুনেছেন।
নিজের প্রসঙ্গে তিনি বলেন, গ্রেপ্তারের পর গণমাধ্যমের উপস্থাপনায় মনে হচ্ছে যেন তিনিই দেশের একমাত্র অপরাধী।হাজতখানায় কেক কাটার একটি ঘটনা নিয়েও গণমাধ্যমে তার বিরুদ্ধে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন জিয়াউল। তার দাবি, ওই দিন তিনি সেখানে ছিলেন না এবং কে কেক কেটেছেন সেটিও তার জানা নেই।তিনি ট্রাইব্যুনালের কাছে অতিরিক্ত মিডিয়া ট্রায়াল বন্ধের অনুরোধ জানান।
এ বিষয়ে ট্রাইব্যুনাল উপস্থিত প্রসিকিউটরদের বিষয়টি চিফ প্রসিকিউটরের কাছে জানানোর নির্দেশ দেয়। আদালত মন্তব্য করে, বিচারাধীন বিষয়ে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকা প্রয়োজন। বিচার শেষ হওয়ার আগেই কাউকে খুনি বা ধর্ষক হিসেবে উপস্থাপন করা হলে ন্যায়বিচারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর মিজানুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, প্রসিকিউশন কারও বক্তব্য বিকৃত করে না। আসামিদের সঙ্গে খারাপ আচরণ না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।এদিকে জিয়াউলের আরেক আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, বিচারাধীন মামলা নিয়ে তারা গণমাধ্যমে কথা বলতে আগ্রহী নন। তবে প্রসিকিউশন থেকে দাবি করা হয়, তার সহকর্মী আইনজীবী নাজনীন নাহার গণমাধ্যমে বক্তব্য দেন।
‘মনে হয় আমিই একমাত্র অপরাধী’, ট্রাইব্যুনালে মিডিয়া ট্রায়াল নিয়ে জিয়াউল আহসানের অভিযোগ
নিজেকে অতিরিক্ত গণমাধ্যম বিচারের শিকার দাবি করে তা বন্ধের আবেদন জানিয়েছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান।
প্রিয় বাংলাদেশজাতীয়


