বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আবার চালু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে নিরাপত্তার কারণে রানওয়ে বন্ধ রাখা হয়। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে বিমান চলাচল স্বাভাবিক হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।সূত্রের তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৬/৪৩৬ ফ্লাইটে কারিগরি বা হাইড্রোলিক ত্রুটির খবর পাওয়া যায়। ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কারিগরি জটিলতার কারণে অবতরণে বিলম্ব হয় এবং উড়োজাহাজটি ঢাকার আকাশে কিছু সময় চক্কর দেয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটে এটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
রানওয়ে বন্ধ থাকায় কয়েকটি ফ্লাইটকে সাময়িকভাবে আকাশে অপেক্ষা করতে হয়। এর মধ্যে নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও ছিল। রানওয়ে পুনরায় চালুর পর ওই ফ্লাইটটি প্রথম অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উড়োজাহাজের ওঠানামা শুরু হয়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিচালনাগত ও কারিগরি কারণে ফ্লাইটটির অবতরণে বিলম্ব হলেও যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হয়।