রাজধানী ঢাকার বায়ুমানের অবনতি অব্যাহত রয়েছে। শনিবার সকালে বিশ্বের ১২৫টি শহরের বায়ুদূষণ পরিস্থিতি বিবেচনায় ঢাকার অবস্থান দেখা গেছে ১৩তম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) নম্বর ছিল ১২৪। এই মাত্রার দূষণ শিশু, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে পাকিস্তানের লাহোর।
দূষণের তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছে চীনের সাংহাই ও পাকিস্তানের করাচি। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ১৫৯ ও ১৫৮। চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোরও ১৫৮। আর পঞ্চম অবস্থানে থাকা চীনের চেংদুর স্কোর ১৫৬। এসব শহরের বায়ুমানকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একিউআইয়ের মাধ্যমে বাতাসে দূষণকারী উপাদানের মাত্রা নির্ধারণ করা হয়। এ সূচকে ০ থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য তা অস্বাস্থ্যকর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ হলে পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাফেরায় সতর্কতা প্রয়োজন। বিশেষ করে দূষণের প্রকোপ বাড়লে এসব ব্যক্তির ঘরের বাইরে অবস্থান যথাসম্ভব কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়।




