ফিলিস্তিনের গাজায় সংকটের মধ্যে থাকা শিশুদের চিকিৎসায় অর্থ সহায়তা দিতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। তার উদ্যোগে এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি। সংগৃহীত অর্থ গাজার অসহায় শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে। বিশেষ করে যেসব শিশু গুরুতর অসুস্থ, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে এই অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা।
অনুষ্ঠানে উপস্থিত থাকা, অর্থ অনুদান দেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানান নুজুম স্পোর্টসের প্রতি, যারা আয়োজনটি সফল করতে দীর্ঘ সময় ধরে কাজ করেছে। এই তহবিল পাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থা। গাজার শিশুদের জরুরি সহায়তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি সংগৃহীত অর্থের মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার ব্যবস্থা করবে।
তবে এই অর্থ সংগ্রহকে চূড়ান্ত সমাধান হিসেবে দেখছেন না হামজা। তার মতে, গাজার শিশুদের যে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার তুলনায় এই সহায়তা খুবই সামান্য। সংকট মোকাবিলায় আরও অনেক উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি। পোস্টের শেষে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেন এই ফুটবলার। তাদের কষ্ট লাঘব, ধৈর্য ও শক্তি অর্জন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কামনা জানান তিনি।




