বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অহিংস চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শাহিদউদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ আজও অনুকরণীয়।
রবিবার (১১ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। তার আদর্শ অনুসরণ করে সমাজ থেকে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা জরুরি। নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনাসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে অহিংসার চর্চা ছড়িয়ে দিতে হবে।
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও গান্ধীর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।




